ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৪:০৭ পূর্বাহ্ন

জানা গেল কবে ঘোষিত হবে ওয়ানডে বিশ্বকাপের সূচি

ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে ২৭ জুন সূচি প্রকাশ করবে আইসিসি, নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে খসড়া সূচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরুতে খেলার আবেদন করেছে পাকিস্তান। তবে তা নাকচ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি।

কথা দিয়েও কথা রাখতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল ফাইনালের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ডেডলাইনও মিস করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ সূচি তাই এখনো অপ্রকাশিত।

বিসিসিআই খসড়া সূচি অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ডে পাঠানোর পর তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সূচি দেবে আইসিসি। তবে এখন আটকে আছে পাকিস্তানের আপত্তিতে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি স্পিন ফ্রেন্ডলি উইকেট হিসেবে পরিচিত চেন্নাইয়ের পরিবর্তে বেঙ্গালুরু আর অস্ট্রেরিয়ার বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ে খেলতে চায় পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি স্বাভাবিকভাবে নিতে পারেনি বিসিসিআই। আবেদনও নাকচ করে দিয়েছে। আইসিসিও বিসিসিআইয়ের পক্ষ নিয়েছে।

বিসিবিও পেয়েছে খসড়া সূচি। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৯ অক্টোবর পুনেতে। আর ৩১ অক্টোবর কলকাতায় পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

তবে প্রশ্ন একটাই, কবে চূড়ান্ত সূচি প্রকাশ করবে আইসিসি? অবশেষে জানা গেলো সেই তারিখ। ওয়ানডে বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে অর্থাৎ ২৭ জুন প্রকাশ পাবে ম্যাচ সূচি। ইতিহাসের সবচেয়ে দেরিতে।

১০০ দিনের কাউন্টডাউনের পরিকল্পনাও গোপন রেখেছে আইসিসি। থিম সং, মাস্কট সবাই প্রকাশ করবে এশিয়া কাপের আগেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ