ভারতের বাজারে নতুন হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি) উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ডাটা স্টোরেজ কোম্পানি সিগেট। এতে অধিক স্টোরেজের পাশাপাশি নতুন একটি ডিজাইনও যুক্ত করা হয়েছে। নতুন এইচডিডি একটি এক্সটার্নাল ড্রাইভ, যা সাধারণত ব্যাকআপ স্টোরেজ হিসেবে কাজ করবে। খবর গিজমোচায়না।
কোম্পানিটি নতুন আল্ট্রা টাচ এইচডিডি এনেছে। এটি তৈরিতে ৩০ শতাংশ প্রক্রিয়াজাত উপাদান ব্যবহার করা হয়েছে। এছাড়া শতভাগ প্রক্রিয়াজাতে সক্ষম প্যাকেজিং ব্যবহার করা হয়েছে। নতুন হার্ড ড্রাইভটিতে ডুয়াল কালার ব্যবহার করা হয়েছে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেয়া হয়েছে।
নতুন হার্ড ড্রাইভটি হালকা ডিজাইনযুক্ত। যে কারণে এটি সহজে বহন করা যায়। পেশাদার পর্যায়ে বা শিক্ষার্থী যে কেউ সহজে এটি ব্যবহার করতে পারবে। নতুন হার্ড ড্রাইভের সঙ্গে ছয় মাসের মাইলিও ফটোজ সাবস্ক্রিপশন ও ড্রপবক্স ব্যাকআপ প্ল্যান দিচ্ছে সিগেট। এছাড়া তথ্য হারানোর ঝুঁকি এড়াতে এর সঙ্গে তিন বছরের জন্য রেসকিউ ডাটা রিকভারি পরিষেবার লিমিটেড ওয়ারেন্টি দেয়া হয়েছে।


















