পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন বাংলাদেশে। আইরিশদের সাথে তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি আর একটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৪ এপ্রিল। তার আগেই শুরু হবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। সাকিব আল হাসান ছাড়াও এবারে আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
তবে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজের সময় তাদের কি আইপিএল খেলার অনুমতি দেয়া হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এখনও অনেক দেরি আছে। ওরা (সাকিব, লিটন ও মুস্তাফিজ) আসুক এটা নিয়ে। শুনি, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেয়া যাবে। এখন এগুলো নিয়ে কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদের বলেছি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান আরও বলেন, আমাদের এমন (ছাড়পত্র দেয়ার) কোনো পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোনো খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা এরই মধ্যে ওদের জানিয়ে দিয়েছি।
সাকিব নিজে আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ খেলা বা না খেলার ব্যাপারে কিছু বলেছেন কিনা এই প্রশ্নের জবাবে পাপন বলেন, সাকিব এখনও কাউকে কিছু বলেনি। এনওসি যদি চায়, তখন বলতে পারবো। এখন আমি কি জোর করে চাওয়াবো ওকে দিয়ে? আপনারা যেভাবে বলছেন, আমার তো মনে হয় এখন জোর করে তার কাছ থেকে আবেদন নিতে হবে এনওসির (অনাপত্তি সনদ) জন্য।



















