ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ৯:০০ অপরাহ্ন

পিএসজিতেই থাকতে চান নেইমার

মেসি-নেইমারের বন্ধুত্বের কথা সবার জানা। বার্সেলোনা আর পিএসজি মিলিয়ে প্রায় ছয় বছর একসাথে খেলছেন দুই লাতিন মহাতারকা।

লিওনেল মেসি আর চুক্তি বাড়াবেন না পিএসজির সঙ্গে। এদিকে নেইমারকেও বিক্রি করে দিতে চায় প্যারিসের ক্লাবটি।

ক্লাব বিক্রির তালিকায় নাম উঠার পর থেকে নতুন ঠিকানার খোঁজে নেমে পড়েছেন নেইমার। পিএসজি ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে গণমাধ্যমে।

তবে ফ্রান্সের জনপ্রিয় পত্রিকা ‘লেকিপ’ দিল নতুন এক খবর। পত্রিকাটির দাবি, নেইমার পিএসজিতেই থাকতে দৃঢ়প্রতিজ্ঞ। এমনকি মৌসুম শেষে প্রিয় বন্ধু লিওনেল মেসি যদি চলেও যান, তবু নেইমার থাকতে চান প্যারিসেই।

ব্রাজিলিয়ান পোস্টার বয়ের সঙ্গে পিএসজির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। যদি এটির শেষ পর্যন্ত নেইমার প্যারিসে থাকেন তখন তার বয়স দাঁড়াবে ৩৫ এ। পাশাপাশি পিএসজিতে দশ বছর কাটানোও হয়ে যাবে নেইমারের।

অন্যতম সেরা তিন তারকা মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত সময় ছিল পিএসজির। ২০২২ কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত ক্লাব পিএসজির জার্সিতেই তিন জনই ছিলেন দুর্দান্ত ফর্মে। বিশ্বকাপের পর ছন্দ হারিয়ে একের পর এক হারে পিএসজি এখন ধুকছে। নতুন বছরে লিগে আট ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে, একটিতে পুড়েছে ড্র হতাশায়। মানে ২০২৩ সালে লিগে ৮ ম্যাচেই পয়েন্ট খুঁইয়েছে ১১টি। এছাড়া ফ্রেঞ্চ কাপের শিরোপা স্বপ্ন ভেঙে গেছে। সবচেয়ে বড় লক্ষ্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্নও চুরমার হওয়ার পথে। গত সপ্তাহে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজি নিজেদের ঘরের মাঠে ০-১ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

বায়ার্নের কাছে ঐ হারের পর থেকেই নেইমারকে বিক্রি করে দেওয়ার গুঞ্জনটি শোরগোল ফেলেছে। এদিকে মেসির সঙ্গেও এখনো চুক্তি নবায়ন করেনি পিএসজি। ফরাসি ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ জুন পর্যন্ত। চুক্তি নবায়ন করা না হলে জুনের পরই মেসি হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’ বা স্বাধীন খেলোয়াড়। যেতে পারবেন যেখানে খুশি। এই অবস্থায় ‘লেকিপ’ বলছে, নেইমার পিএসজিতেই থাকতে চান। এমনকি স্বাধীন খেলোয়াড় হিসেবে বন্ধু মেসি চলে গেলেও তিনি প্যারিসে থাকতে মরিয়া। পিএসজির সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। ‘লেকিপ’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তির পুরো সময়টাই তিনি পিএসজিতে থাকতে চান।

ব্রাজিলিয়ান তারকা বর্তমানে চোটের সঙ্গে লড়াই করছেন। আগামী ৮ মার্চ বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ফিরতি লেগটিতে তিনি খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ