ইউটিউব শর্টস কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ আরো বাড়ছে। নতুন পার্টনার প্রোগ্রামের আওতায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে আরো রেভিনিউ শেয়ার করবে গুগল নিয়ন্ত্রিত ভিডিও স্ট্রিমিং জায়ান্টটি। আয়ের সুযোগ নিতে হলে কনটেন্ট নির্মাতাদের ইউটিউবের পার্টনার প্রোগ্রামের নতুন শর্তে ১০ জুলাইয়ের মধ্যে সম্মতি জানাতে হবে। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে ইউটিউব। খবর টেকক্রাঞ্চ।
ইউটিউবের পার্টনার প্রোগ্রামে বড় আকারের এ পরিবর্তনের ফলে কনটেন্ট নির্মাতারা শর্টস ভিডিওর মাঝে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় করতে পারবে। ইউটিউব শর্টস ফান্ডের বদলে আসতে যাচ্ছে নতুন রেভিনিউ শেয়ারিং মডেল। এতে কনটেন্ট নির্মাতাদের সামনে আয়ের সুযোগ আরো ব্যাপৃত হবে বলে আশা করছে ইউটিউব।
নতুন রেভিনিউ শেয়ারিং মডেলের জন্য যোগ্য বিবেচিত হতে গেলেও আগের শর্ত পূরণ করতে হবে। এক হাজার সাবস্ক্রাইবার ও ৯০ দিনে এক কোটি ভিউ পেতে হবে।
উল্লেখ্য, পার্টনার প্রোগ্রামের জন্য বিবেচিত হতে গেলে অরিজিনাল ও ইউনিক কনটেন্ট হতে হবে। নন-অরিজিনাল কনটেন্টের মধ্যে রয়েছে মুভি বা টিভি শো থেকে নেয়া অসম্পাদিত ক্লিপ, অন্যান্য ক্রিয়েটরের কনটেন্ট রি-আপলোড বা একাধিক কনটেন্ট একসঙ্গে জোড়া লাগিয়ে পোস্ট ইত্যাদি।



















