ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ২:০৯ অপরাহ্ন

রিজার্ভ কমে ৩৬ বিলিয়ন ডলারের নিচে

আমদানি ব্যয়ের বিপরীতে ধীরগতির রপ্তানি আয়ের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। বুধবার (১৯ অক্টোবর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। যা ২০২০ সালের ৩০ জুনের পর সর্বনিন্ম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, বৈদেশিক মুদ্রার সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। মূলত এ কারণেই রিজার্ভ কমছে। এছাড়া রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহেও তেমন গতি নেই। আবার আমদানি ব্যয়ও কমানো সম্ভব হয়নি।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক গত অর্থবছরে রেকর্ড ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার ছাড়ে। চলতি অর্থবছরে ইতোমধ্যে ৪ বিলিয়ন ডলারের বেশি বাজারে ছাড়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে আমদানি ব্যয় প্রায় ১৭ শতাংশ বেড়ে এক হাজার ২৬৯ কোটি ডলার হয়েছে। আর সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রপ্তানি আয় ১৩ দশমিক ৩৮ শতাংশ বেড়ে এক হাজার ২৫০ কোটি ডলার এসেছে।

একই সময়ে প্রবাসী আয় মাত্র ৪ দশমিক ৮৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৭ কোটি ডলার। প্রথম দুই মাসে রপ্তানি ও রেমিট্যান্স বেড়েছিল। তবে সেপ্টেম্বরে কমেছে। সব মিলিয়ে চলতি হিসাবের ভারসাম্যে বড় অংকের ঘাটতি তৈরি হয়েছে। সামগ্রিক ভারসাম্যেও ঘাটতি দেখা দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ