মার্কিন সেনাবাহিনী বুধবার ভোরে বলেছে যে এটি পূর্ব সিরিয়ায় ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ড সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকাগুলিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি, রয়টার্স।
যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং অ্যাক্টিভিস্ট ডেইর ইজোর ২৪ বলেছে, আফগানিস্তানের শিয়া যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতিমিয়ুন গোষ্ঠীদের পরিচালিত আয়াশ ক্যাম্পকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরও জানিয়েছে,মার্কিন বিমান হামলায় কমপক্ষে ছয় সিরীয় ও বিদেশী জঙ্গি নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেইর ইজ-জোরে মার্কিন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি। ইরানও হামলার কথা স্বীকার করেনি।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই হামলাগুলো চালানো হয়েছে। তবে এই হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করেনি বা হামলায় হতাহতের পরিসংখ্যান দেয়নি।
সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্নেল জো বুকিনো এক বিবৃতিতে বলেছেন, আজকের হামলা মার্কিন কর্মীদের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ছিল।
কর্নেল আরও বলেন এই হামলাটি ১৫ আগস্ট মার্কিন বাহিনীকে লক্ষ্য করে করা হামলারই প্রতিক্রিয়া।


















