নিউজিল্যান্ডের সংসদ ভবনের বাইরে গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সরকারবিরোধীরা বিক্ষোভ করেন। দেশটিতে সরকারবিরোধী আন্দোলন জোরালো হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাস আগেও এসব বিক্ষোভকারী পার্লামেন্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন। সে সময় সেখান থেকে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ফ্রিডম অ্যান্ড রাইটস কোয়ালিশন’- এ বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভে অংশ নিতে সারাদেশ থেকে মানুষ গতকাল রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট ভবনের মাঠে জড়ো হয়েছেন। বিক্ষোভকারীরা এসময় কোভিড-১৯ বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়ার দাবি করেন।
হ্যামিলটন শহরের কাছ থেকে বিক্ষোভে অংশ নিতে আসা ড্যানি হানিফ বলেন, আমাদের সরকার আসলে আমাদের জন্য কাজ করছে না।

বিক্ষোভকারীদের আটকাতে পার্লামেন্টের সামনে বেষ্টনী দেওয়া হয়েছে। এছাড়া প্রচুর পুলিশ সদস্য পার্লামেন্ট ঘিরে অবস্থান নিয়েছেন।
এর আগে গত মার্চ মাসে করোনাভাইরাসের টিকা গ্রহণের বাধ্যবাধকতার বিরুদ্ধে পার্লামেন্টের সামনে অবস্থান নিয়েছিলেন বিক্ষোভকারীরা। যে কারণে রাজধানীতে কয়েক সপ্তাহ জনজীবনে বিঘ্ন ঘটেছিল। পুলিশ ওই সময় জোর করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল।


















