মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সংশোধনী অনুসারে রেপো সুদের হার পাঁচ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হলে অন্য ব্যাংকগুলোকে এই হারে সুদ প্রদান করতে হবে।
গতকাল রবিবার (২৯ মে) দেশের মুদ্রানীতি সুষ্ঠুভাবে প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রায় দুই বছর পর বাংলাদেশ ব্যাংক এই হার সংশোধন করল। ২০২০ সালে জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট পাঁচ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে চার দশমিক ৭৫ শতাংশ করেছিল।
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমে আসতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন।
রিভার্স রেপো হার অবশ্য চার শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনে এই হারে ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্নতা, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দীর্ঘসূত্রতার কারণে বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি ও এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরণের পণ্য (খাদ্য ও খাদ্য-বহির্ভূত) মূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি এবং অভ্যন্তরীণ অর্থনীতির ও বৈশ্বিক অর্থনীতির মুখ্য সূচকের পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এর আগে সর্বশেষ ২০১২ সালের ৫ জানুয়ারি পলিসি রেট বাড়িয়েছিল। সে বছর ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত দশমিক ৭৫ শতাংশ করা হয়েছিল পলিসি রেট।


















