বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রতিদিন বাজারে এসে দেখে বেড়ানো বাণিজ্যমন্ত্রীর কাজ না।
আমি যদি প্রতিদিন তিন ঘণ্টা বাজারে ব্যয় করি, তাহলে রপ্তানির যে ৫০ বিলিয়ন টার্গেট করলাম সেটা আমি কীভাবে কন্ট্রোল করবো!
এজন্য বাজার নিয়ন্ত্রণে করপোরেট ম্যানেজমেন্ট থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
আজ রবিবার (৩ এপ্রিল) দুপুরে কাওরান বাজার পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তা অধিকারকে নিয়মিত বাজার পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। আমি এসেছি জন্য দাম কম বলার চেষ্টা করছে কি না সেটা দেখতে বলেছি। গতকাল মিডিয়ায় বলা হয়েছে, অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমলে ফলের দাম বেশি।

তিনি বলেন, সারা দুনিয়াজুড়ে উৎসবের সময় ব্যবসায়ীরা মানুষকে ছাড় দেয়। ক্রিসমাসের সময় আমেরিকাতে ২০ শতাংশ ছাড়ে বিক্রি হয়। ভারতে দুর্গাপূজার সময় কমায়। আমাদের রমজান মাস, যেখানে মানুষ সংযমী হবে সেখানে যদি আমরা সুযোগ নিই, তাহলে আল্লাহ তো আমাদের মাফ করবেন না। ন্যায্যমূল্য রাখা দরকার। আমরা চলে গেলে বাড়িয়ে দেবেন সেটা ঠিক না।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশে টিপু মুনশি বলেন, প্রত্যেকটা দোকানে দামের লিস্ট থাকতে হবে। অধিকাংশ দোকানে দেখেছি কিন্তু কিছু কিছু দোকানে দেখলাম না।
আমার নির্দেশ রইলো, দোকানে যদি দামের লিস্ট না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।


















