গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৫৬৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ২৭ হাজার ৪১৮ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ২৩৬ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ৭৮৮ জনে।
অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় তিনশো এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি।
বৃহস্পতিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৭০৭ জন এবং মারা গেছেন ২৯১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ২৭ হাজার ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৩ হাজার ৪৩২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৭৬ জন এবং মারা গেছেন ৭২৬ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ১ হাজার ১৩০ জন মারা গেছেন।


















