ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে ১০৫%

বিশ্বের সব অঞ্চলের দেশগুলোই নিজেদের মধ্যে বাণিজ্য সম্পর্ককে গুরুত্ব দেয়। অর্থনীতি টেকসই করতেও আঞ্চলিক বাণিজ্য বিশেষ ভূমিকা পালন করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ সরকারও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে, যা অনুসরণ করে অর্থমূল্যে কম করে হলেও আঞ্চলিক বাণিজ্যে নজর দিতে শুরু করেছেন দেশের রফতানিকারকরা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত পাঁচ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে ১০৫ শতাংশেরও বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সাত দেশ—আফগানিস্তান, ভুটান, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় প্রতিবেশী দেশ ভারতে। এছাড়া পাকিস্তান ও নেপালে পণ্য রফতানি হলেও তা ভারতের তুলনায় অনেক কম।

পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশে বাংলাদেশ থেকে রফতানির অর্থমূল্য ছিল ৭৩ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। এর পরের অর্থবছরে প্রথমবারের মতো আঞ্চলিক বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওই অর্থবছরে রফতানি হয় ১০৪ কোটি ডলারের কিছু বেশি। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানির অর্থমূল্য ছিল ১৪৯ কোটি ৯৯ লাখ ২০ হাজার ডলার, যা ২০১৬-১৭ অর্থবছরে হওয়া রফতানি অর্থমূল্যের চেয়ে ১০৫ দশমিক ১৯ শতাংশ বেশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ