ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

কাগজের অভাবে শ্রীলঙ্কায় পরীক্ষা বন্ধ

ডলারের স্বল্পতার কারণে কাগজ আমদানি করতে না পারায় শ্রীলঙ্কা সরকার লাখ লাখ স্কুল শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে বলে কর্মকর্তারা শনিবার জানিয়েছেন।

শিক্ষা কর্তৃপক্ষ বলেছে, কয়েক দিনের মধ্যে সাময়িক পরীক্ষা হওয়ার কথা থাকলেও কাগজের তীব্র ঘাটতির কারণে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা। খবর এএফপির

দেশটির পশ্চিম প্রদেশের শিক্ষা বিভাগ বলেছে, স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারবেন না। কারণ প্রয়োজনীয় কাগজ এবং কালি আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা জোগান দিতে পারছে না সরকার। সরকারি সূত্র জানায়, এই সিদ্ধান্তের ফলে দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

বছর শেষে শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উন্নীত হওয়ার যোগ্য কিনা, তা যাচাইয়ের জন্য এ ধরনের মেয়াদি পরীক্ষাগুলো ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতির কারণে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় অত্যাবশ্যকীয় আমদানি বিঘ্নিত হওয়ায় দেশটিকে খাদ্য, জ্বালানি এবং ওষুধের মজুত কমে গেছে।

নগদ অর্থের সংকটে পড়া দুই কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি ঘোষণা করেছে, ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ সংকট সমাধান করতে এবং রিজার্ভ বাড়াতে তারা আইএমএফের ‘বেলআউট’ চাইবে। শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিশ্চিত জানিয়েছে, বেলআউট নিয়ে আলোচনা করার জন্য রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের একটি আকস্মিক অনুরোধ বিবেচনা করছে সংস্থাটি।

এ বছর কলম্বোর প্রায় ৬৯০ কোটি ডলার ঋণ পরিশোধ করা প্রয়োজন। তবে ফেব্রুয়ারির শেষ নাগাদ এর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৩০ কোটি ডলার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ