ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ৪:২১ পূর্বাহ্ন

ডিপিএলে প্রথম ম্যাচেই সেঞ্চুরি নাঈম শেখের

ফর্মহীনতায় ভুগে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় দল থেকে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট আর ওয়ানডে কোন দলেই জায়গা হয়নি নাঈম শেখের। নিজের ব্যাটের রানখরা কাটাতে বাঁহাতি এই ওপেনার বেছে নিয়েছেন এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে (ডিপিএল)।

ডিপিএলের এবারের আসরের প্রথম দিনেই আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন নাঈম। আজ (মঙ্গলবার) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের উদ্বোধনী ম্যাচে নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়েই পড়েছিলেন নাঈমের দল ঢাকা আবাহনী।

আবাহনীর ইনিংসে ৪৮ রান তুলতেই নেই ৪ উইকেট। সতীর্থদের যাওয়া আসার মিছিলে এক নাঈমই দাঁড়িয়ে ছিলেন ক্রিজের অপর প্রান্ত আগলে রেখে। বাঁহাতি এই ব্যাটার ৯ চার আর ২ ছয়ে সেঞ্চুরি তুলে নেন ১১৩ বলে।

জাতীয় দলে খারাপ সময়ের সাথে গেলো বিপিএলেও নাঈম ছিলেন নিজের ছায়া হয়েই। বিপিএল শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও জ্বলে ওঠেনি নাঈমের ব্যাট।

বাংলাদেশ দলের সাথে অনুশীলনের জন্য দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা থাকলেও শেষমেশ আর যাওয়া হয়নি নাঈমের। না যাওয়াটাই যেন শাপেবর হয়ে এলো তার কাছে। নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ হিসেবে ডিপিএলের শুরুটা করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে। সেঞ্চুরির পর নাঈম আউট হয়েছেন ১০ চার আর আর ২ ছয়ে ১৩২ বলে ১১৫ রান করে।

নাঈমের সেঞ্চুরিতে ভর করেই ঢাকা আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৫৫ রান। নাঈমের পর এদিন জ্বলে উঠার আভাস দিয়েছেন জাতীয় দল থেকে উপেক্ষিত হওয়া সাইফুদ্দিনও। ইঞ্জুরি থেকে ফিরে এসে এই পেস বোলিং অলরাউন্ডার খেলেছেন ৪৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ