ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাট খাতে অবদানে সম্মাননা পাচ্ছে

এবারের জাতীয় পাট দিবস উপলক্ষে পাট খাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রফতানি বৃদ্ধির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে।

গতকাল দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় পাট দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আতাউর রহমানসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরস্কার ছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের সাতটি শুভেচ্ছা স্মারক দেয়া হবে। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক জানান, অন্যান্য বছরের মতো এবারো ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস-২০২২’ পালিত হবে। পাট খাতের বিভিন্ন পর্যায়ে উন্নতির দ্বারা সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এ বছর ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হবে।

সংবাদ সম্মেলন জানানো হয়, ৬ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় পাট দিবসের মূল অনুষ্ঠান এবং জেডিপিসি চত্বরে ৬-৮ মার্চ তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ