দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলে ফিরলেন তামিম ইকবাল খান ও সাকিব আল হাসান। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ।
তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ।
তামিম সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লাকেল্লেতে। এরপর ইনজুরির কারণে পাকিস্তান সিরিজ ও নিউ জিল্যান্ড সফরে খেলা হয়নি তার। সাকিব আল হাসান ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় খেলেছিলেন শেষ টেস্ট। এরপর নিউ জিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নেন অতি জরুরী পারিবারিক কারণে।
সাকিবের দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। আইপিএলের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের ছুটি চেয়েছিলেন তিনি। কিন্তু আইপিএলে তাকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। ফলে তার জাতীয় দলে খেলার সম্ভাবনা জেগেছিল।
কিন্তু তারপরও দক্ষিণ আফ্রিকা সফরে বাঁহাতি অলরাউন্ডার খেলবেন কি না তা নিশ্চিত করতে পারেননি কেউ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, সাকিবের টেস্ট দলে না থাকার কোনো কারণ দেখেন না তিনি। একই সঙ্গে নিশ্চিত করেন, সাকিব টেস্ট খেলবেন।

দুই টেস্টের জন্য নেওয়া হয়েছে ১৮ জনকে। নাঈম শেখ ও ফজলে মাহমুদ বাদ পড়েছেন। নাঈমের অভিষেক হয়েছিল ক্রাইস্টচার্চে। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে ২৪ রানের ফেরেন। ফজলে রাব্বীকে নেওয়া হয়েছিল সাকিবের পরিবর্তে। কিন্তু ম্যাচ খেলার সুযোগ হয়নি। এবার সাকিব ফেরায় তাকে বাদ দেওয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডের জন্য ১৬ জনকে বেছে নেওয়া হয়েছে। সবশেষ আফগানিস্তান সিরিজ থেকে কেউ বাদ পড়েননি। কেবল নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। ৩৪ লিস্ট এ ম্যাচে ২৯.০৮ গড়ে ৫০ উইকেট নেওয়া খালেদ গত মার্চে আয়ারল্যান্ড ইমার্জিং দলের বিপক্ষে শেষ পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলেছিলেন। বিপিএলে সাত ম্যাচে ১০ উইকেট পেয়েছিলেন ডানহাতি পেসার।


















