পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্সের ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খান বাহাদুর গ্রুপের এমডি মঈনুদ্দিন আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃত মঈনুদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বড় ছেলে এবং আমানত মেরিন ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এই পরিবারের বিভিন্ন সদস্যের নামে-বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অর্থআত্মসাতের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সের সাথে চেক জালিয়াতির লেনেদেনের প্রেক্ষিতে প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি মামলা করে। তারই প্রেক্ষিতে আজ তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, চেক প্রতারণার বিভিন্ন মামলায় মাহমুদুল ইসলাম চৌধুরীসহ তার দুই ছেলের বিরুদ্ধে ইতোমধ্যে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। আজই তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।



















