ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

২০৩০ সালের মধ্যে রিয়াদের রাস্তায় নামবে ৩০% ইভি

আগামী ২০৩০ সালের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্তত ৩০ শতাংশ যানবাহন বিদ্যুচ্চালিত হবে বলে জানায় সৌদি আরব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলার অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণের কথা জানায় বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক দেশটি। খবর অ্যারাবিয়ান বিজনেসের।

সম্প্রতি অনুষ্ঠিত সৌদি গ্রিন ইনিশিয়েটিভ কনফারেন্সে এমন ঘোষণা দেয় সৌদি আরব। আগামী নয় বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ৮০ লাখ জনসংখ্যার শহরটিতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনটা জানান রয়েল কমিশন ফর রিয়াদ সিটির প্রেসিডেন্ট ফাহাদ আলা রশিদ।

এক সাক্ষাতকারে তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে পরেছি। আর এ লক্ষ্যমাত্রা পূরণে এটিই সর্বোত্তম উপায়। একই দিনে ২০৬০ সালের মধ্যে দেশব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিঃসরণের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

তবে এটা এখনো অনিশ্চিত যে, পুরো দেশই রিয়াদকে অনুসরণ করবে অথবা শুধু এ শহরে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এরই মধ্যে বেশ কয়েক বছর ধরে ইভি খাতে বিনিয়োগ করে আসছে সৌদি আরব। মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড মোটরসে সৌদির বিনিয়োগ রয়েছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক ইভি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড মোটরস এরই মধ্যে সৌদি আরবে নিজেদের ইভি নির্মাণ কারখানা স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

অস্ট্রেলিয়ার ইভি মেটালস গ্রুপ সম্প্রতি ঘোষণা দেয় যে, তারা সৌদি আরবে ৩০০ কোটি ডলারের একটি প্রকল্পে বিনিয়োগ করবে। ইভি ব্যাটারিতে ব্যবহূত মিনারেল প্রক্রিয়াজাতে এ অর্থ বিনিয়োগ করবে ইভি মেটালস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ