ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

৬৬ হাজার ডলার ছাড়িয়ে রেকর্ড বিটকয়েনের

সর্বোচ্চ মূল্যসূচক স্পর্শ করেছে ডিজিটাল মুদ্রার বাজারে শক্তিশালী অবস্থানে থাকা বিটকয়েন। বুধবার প্রতি বিটকয়েনের মূল্য ৬৬ হাজার ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা ব্যবহারকারীদের কাছে কীভাবে বাড়ছে তার একটি চিত্র ফুটে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর এপির।

দিন শেষে প্রতি বিটকয়েনের মূল্য দাঁড়ায় ৬৬ হাজার ৯৬ ডলার। এপ্রিলে সর্বোচ্চ দাম থেকে গ্রীষ্মে প্রতি বিটকয়েনের মূল্য ৩০ হাজার ডলারের নিচে নামার পর বিটকয়েনের দাম আবারো সর্বোচ্চ দামে পৌঁছায়। ডিজিটাল মুদ্রাসংক্রান্ত খবর ও বিশ্লেষণ মাধ্যম কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, পূর্বে বিটকয়েনের সর্বোচ্চ দাম ছিল ৬৪ হাজার ৮৮৯ ডলার।

মঙ্গলবার বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা ক্রিপ্টোকারেন্সির বাজারে সর্বশেষ পরিবর্তন লক্ষ করেছেন। এদিন নিউইয়র্ক পুঁজিবাজারে বিটকয়েন সম্পর্কিত প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) বিনিয়োগকারীদের কাছ থেকে প্রচুর সাড়া পায়। মঙ্গলবার প্রোশেয়ারস বিটকয়েন স্ট্র্যাটেজি ইটিএফ ২ কোটি ৪১ লাখবার হাতবদলের মাধ্যমে একটি চমত্কার অভিষেক ঘটিয়েছে। এমনকি বুধবারও বিটকয়েন ইএফটির ট্রেডিং ভলিউম ২ কোটি ৯৪ লাখের উপরে থাকায় ব্যস্ততম লেনদেনগুলোর অন্যতম ছিল এটি।

বিশ্লেষকরা বলছেন, বিটকয়েন বিনিয়োগকারীদের উচ্চ মূল্যস্ফীতি থেকে সুরক্ষা দিতে পারে। অনেকেই এটিকে ডিজিটাল স্বর্ণ হিসেবে তুলনা করছেন। যদিও দীর্ঘ সময়ের জন্য সুরক্ষা দেয়ার ক্ষেত্রে এর কোনো ইতিহাস নেই।

উচ্চভিলাষী অনেকে বলছেন, ডিজিটাল সম্পদগুলো ভবিষ্যৎ অর্থনীতির একটি নিদর্শন। ডিজিটাল মুদ্রা ব্যবহার করে মধ্যস্থতাকারীদের লেনদেনের অনুমতি প্রদান ও মুদ্রার মাধ্যমে ফি পরিশোধ করার সুযোগ রয়েছে। এটি কোনো সরকারি মুদ্রায় দেখা যায় না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ