বর্তমানে চীন গুরুতর জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। শুক্রবার আবারও কয়লার রেকর্ড মূল্যবৃদ্ধি এ সংকটকে আরো উস্কে দেয়। আসছে শীতে জ্বালানি চাহিদা বছরের অন্য সময়ের তুলনায় সাধারণতই বৃদ্ধি পাবে।
বাজারের ভারসাম্যহীন পরিস্থিতিতে ক্রমেই লাগামছাড়া হচ্ছে দাম। ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় অবশেষে যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হচ্ছে চীন। মার্কিন মুলুক থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তির পথে অগ্রসর হচ্ছে এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশটি। গ্যাসের দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করতে চীনের প্রধান জ্বালানি কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের রফতানিকারকদের আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকভাবে বাড়তে থাকা গ্যাসের দাম এবং চীনে বিদ্যুৎ সংকট দেশটির জ্বালানি নিরাপত্তায় উদ্বেগ ঘনীভূত করছে। পরিস্থিতি থেকে উত্তরণে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাড়াবে চীন। দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত আলোচনা এরই মধ্যে অনেক দূর এগিয়েছে।
অঅনেকগুলো সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, চীনের রাষ্ট্রায়ত্ত সিনোপ্যাক করপোরেশন ও চায়না ন্যাশনাল অফশোর অয়েল কোম্পানি (সিএনওওসি), স্থানীয় সরকার সমর্থিত জ্বালানি সরবরাহকারী ঝিজিয়াংসহ অন্তত পাঁচটি কোম্পানি যুক্তরাষ্ট্রের রফতানিকারক বিশেষ করে শিনিয়ার এনার্জি এবং ভেনচার গ্লোবালের সঙ্গে আলোচনা চালাচ্ছে।
আলোচনার চূড়ান্ত ফল হিসেবে দুদেশের মধ্যে শতকোটি ডলারের একটি চুক্তি সম্পাদিত হতে পারে। চুক্তির মাধ্যমে আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বড় পরিসরে বাড়বে বলে প্রত্যাশা বাজারসংশ্লিষ্টদের।



















