যুক্তরাজ্য-ভিত্তিক গ্যাস ও জ্বালানি কোম্পানি কেয়ার্ন এনার্জি ভারতের কাছে তাদের বকেয়া ১৭০ কোটি ডলার আদায় করতে ভারত সরকারের বেশ কিছু সম্পত্তির দখল নিয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার ২০টি ভারতীয় সম্পত্তির দখল নেয়া ছাড়াও কেয়ার্ন যুক্তরাষ্ট্রে এয়ার ইন্ডিয়ার দখল নিতে মামলাও করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ভারত সরকারের সম্পত্তির হদিশ করছে।
সংস্থাটি বিবিসিকে জানিয়েছে, ভারত সরকার তাদের ওপরে যে অনায্যভাবে বাড়তি কর চাপিয়েছিল, তার বিরুদ্ধে দুইপক্ষই আন্তর্জাতিক সালিশি আদালতে গিয়েছিল। ওই সালিশি আদালতের নির্দেশ তাদের পক্ষে গেছে। সেজন্যই তারা বকেয়া আদায়ের কাজ শুরু করেছে।
তবে ভারতের অর্থ মন্ত্রণালয় বলছে, কোনো ফরাসী আদালতের কাছ থেকে এধরণের কোনো নির্দেশ তারা পায় নি।
কেয়ার্ন এনার্জি বলছে, গত বছর ডিসেম্বরে দ্যা হেগ-এর আন্তর্জাতিক সালিশি আদালত সর্বসম্মতভাবে তাদের পক্ষেই রায় দিয়ে বলেছিল যে ভারত সরকারকে বকেয়া ১৭০ কোটি ডলার ফিরিয়ে দিতে হবে।

ওই রায় তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের আদালতে কার্যকর করার আবেদন করেছিল।
ফ্রান্সের আদালতটি প্যারিসে ভারতীয় সম্পত্তিগুলি দখল নেয়ার নির্দেশ কার্যকরী করতে অনুমোদন দেয় কেয়ার্নকে। তারপরেই ২০টি ভারতীয় সম্পত্তির দখল নিয়েছে বলে কেয়ার্ন বিবিসিকে জানিয়েছে।
কেয়ার্ন এনার্জির ডিরেক্টর, গ্রুপ কর্পোরেট অ্যাফেয়ার্স ডেভিড নিসবেট বিবিসিকে ব্যাখ্যা করছিলেন, সালিশি আদালতের রায়ের পরে সাড়ে ছ’মাস কেটে গেলেও ভারত বকেয়া না মেটানোর ফলেই তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
ডেভিড নিসবেটের কথায়, আদালতের নির্দেশ আমাদের পক্ষে যাওয়ার পরে সাড়ে ছ’মাস কেটে গেছে, এর মধ্যে দিল্লিতে দু’বার আলোচনা হয়েছে। কিন্তু ভারতের দিক থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায় নি যে বকেয়া অর্থ তারা দেবে কী না। শেয়ার হোল্ডারদের অধিকার আমাদের রক্ষা করতেই হবে। আন্তর্জাতিক শেয়ার হোল্ডাররা সাড়ে সাত বছর ধরে এটার জন্য অপেক্ষা করে আছেন।


















