করোনা ভাইরাস প্রকোপের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল ) ১৩তম আসর ভারতে অনুৃষ্ঠিত না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। মূলত করোনার প্রকোপ বেশি থাকায় বাইরের দেশে আয়োজন করতে বাধ্য হয়েছিল বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে চলতি বছর ২০২১ সালের এবারের আসরটি ভারতের মাটিতে আয়োজন করতে বধ্য পরিকর তাঁরা। যে কারণে আগামী ১১ এপ্রিল থেকে আইপিএলের ১৪ তম আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই।
ভারতীয় গনমাধ্যমগুলো বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে। এ মাসের ৫ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। এরপর দেশটির নারী ক্রিকেটারদের একটি ওয়ানডে টুর্নামেন্টও রয়েছে। তারপর বিজয় হাজারে টুর্নামেন্ট। ঐ টুর্নামেন্টের ফাইনালের পরই আইপিএল আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।
টাইম অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেন,”২০২১ আইপিএলের সম্ভাব্য তারিখ ১১ এপ্রিল। এটি এখনো সম্ভাব্য কেননা আইপিএলের গর্ভনিং কাউন্সিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হবে মার্চে। এরপর ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিরতি পায় সেটি মাথায় রেখেই এপ্রিলের মাঝামাঝি আইপিএল আয়োজনের সম্ভবনা রয়েছে।”
আইপিএলের এবারের আসরটির নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারী। এর আগে আটটি দল ২০ জানুয়ারী ধরে রাখা এবং ছেড়ে দেয়া খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ভারতীয় বোর্ডে জমা দিয়েছিল।



















