ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

সামাজিক মাধ্যম ব্যবহারে ছাত্র-শিক্ষকদের জন্য ছয় নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত বৃহস্পতিবার সরকারি কলেজের অধ্যক্ষদের কাছে সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত ছয় দফা নির্দেশনা পাঠিয়েছে৷ ছাত্র ও শিক্ষকদের মাঝে সচেতনতা তৈরিতে এসব নির্দেশনা দেয়া হয় বলে বিবৃতিতে বলা হয়েছে৷

সামাজিক মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ যেন না ঘটে সে ব্যাপারে দৃষ্টি রাখতে অধ্যক্ষদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে৷

নির্দেশনাগুলো হলো:

১. সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা হয়, এমন কোনো পোস্ট, ছবি ভিডিও বা অডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে৷ একইসঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পেশাকে হেয় প্রতিপন্ন করে, এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে৷

২. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো রকম তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে৷ কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতা নীতি পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না৷ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এরূপ কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে৷

৩. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা, অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা এবং ভিত্তিহীন, অসত্য বা অশ্লীল তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে৷

৪. মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃপক্ষ সামাজিক ও যোগাযোগ মাধ্যম ব্যবহারের গাইডলাইন, চাকরির বিধানাবলী এবং এ সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুসরণ করে কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবেন৷

৫. কোনো কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধি ভঙ্গ করলে প্রতিষ্ঠান প্রধানরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রয়োজনে তদন্ত করে এর প্রমাণসহ আঞ্চলিক অফিসের মাধ্যমে অধিদপ্তরকে অবহিত করবেন৷

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় বিভিন্ন গ্রুপ বা পেইজের অ্যাডমিনরা পোস্ট/কমেন্ট ইত্যাদি অনুমোদনে করার সময় সরকারি নীতিমালার পরিপন্থি স্ব স্ব প্রতিষ্ঠান, দপ্তর ও সংস্থার বিপক্ষে অবস্থানকারী কোনো পোস্ট অনুমোদন করবেন না৷ অন্যথায় অ্যাডমিন এবং পোস্টদাতা উভয়েই সরকারি বিধি অনুযায়ী অভিযুক্ত হবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে৷

এর আগে সরকারি চাকরিজীবীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দেশনা দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ৷ আর এবার ছাত্র-শিক্ষকদের জন্য দিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এছাড়া সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য সম্বলিত পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে সরকারি চাকরিজীবীদের বিরত থাকার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷

মন্ত্রণালয়ের ওই নির্দেশনা না মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘অপব্যবহার’ বা নিজ অ্যাকাউন্টে কেউ ‘ক্ষতিকারক কনটেন্ট’ দিলে সংশ্লিষ্ট কর্মচারীকে দায়ী করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারের তরফ থেকে জানানো হয়েছে৷

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন