ফিলিপাইনের উত্তরাঞ্চলে প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ১। আজ বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশে পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।
অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ এবং কেন্দ্রের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ফিলিপাইনের পাশাপাশি এর প্রভাব অনূভূত হয়েছে জাপান, তাইওয়ান এবং চীনেও।
ফিলিপাইনে ভূমিকম্পটি আঘাত হানার পরে বেশ কয়েকটি আফটার শক অনূভূত হয়েছে। তবে আরো আফটার শক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে ফিলিপিনো কর্তৃপক্ষ।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হয়েছে।
উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থান করছে ফিলিপাইন। আর এই রিং অফ ফায়ারে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় মাঝে মাঝে। সে কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা দেয়।


















