ইরান সফর করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কিন্তু বৈঠকের আগে পুতিনকে প্রায় ৫০ সেকেন্ড ধরে এরদোয়ানের জন্য অপেক্ষা করতে হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ অপেক্ষাকে মধুর প্রতিশোধ বলেও আখ্যা দিয়েছে তুরস্কের গণমাধ্যম। খবর দ্য গার্ডিয়ান।
ভিডিওতে দেখা যায়, তেহরানের একটি ভবনের কক্ষে বৈঠকের জন্য প্রবেশ করছেন প্রেসিডেন্ট পুতিন। কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে কেউই উপস্থিত ছিল না। রুশ নেতা তার চেয়ার এবং দুই দেশের পতাকার সামনে ৫০ সেকেন্ড ধরে দাঁড়িয়ে আছেন।
এ সময় দুই হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন পুতিন। এমন সময়ে সেই কক্ষে প্রবেশ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তখন পুতিনকে কিছুটা হাস্যোজ্জ্বল এবং উভয় হাত প্রসারিত করে এরদোগানের দিকে এগিয়ে গিয়ে হাত মেলাতে দেখা যায়। এরদোগানও হাস্যোজ্জ্বল চেহারায় পুতিনকে জিজ্ঞাসা করেন, হ্যালো, কেমন আছেন, ভালো?
তুরস্কের গণমাধ্যম অবশ্য ২০২০ সালে মস্কোর একটি বৈঠকের ঘটনা সামনে এনে বলেছে, সম্ভবত প্রতিশোধ নিলেন এরদোগান। ওই বছর মস্কোতে বৈঠকে বসার আগে এরদোয়ানকে প্রায় দুই মিনিট ধরে অপেক্ষায় রেখেছিলেন পুতিন। স্থানীয় সময় বুধবার তুরস্কের সংবাদমাধ্যম টি টোয়েন্টিফোর এ ঘটনার সংবাদের শিরোনাম করেছে, এটা কি প্রতিশোধ ছিল? অনলাইনে এ ভিডিও ব্যাপক আলোড়ন তুলেছে।



















