সুদানে দুই উপজাতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষে একশ’র বেশি মানুষ আহত হয়েছেন।
সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে আজ রবিবার (১৭ জুলাই) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বার্টি ও হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার (১১ জুলাই) এ সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষ এখনো থেমে থেমে চলছে।
চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১০৮ জন। এছাড়া গত সোমবার থেকে এখন পর্যন্ত সহিংসতা ছড়িয়ে পড়া অঞ্চলের ১৬টি দোকানে আগুন দেওয়া হয়েছে।
সুদানের আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর আজ শনিবার এএফপিকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরো সৈন্য প্রয়োজন। তার মতে, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছেন। তবে অস্থিরতার ফলে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছেন।

সহিংসতায় ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে আদেল আগর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, সহিংসতা হ্রাস করার জন্য প্রচেষ্টা চলছে।


















