ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৭:১১ অপরাহ্ন

এক বছর পর চীনের অ্যাপ স্টোরে ফিরেছে ডুয়োলিঙ্গো

চীনে অ্যাপলের অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড স্টোরে আবারো ফিরে এসেছে ভাষা শেখার অ্যাপ ডুয়োলিঙ্গো। দীর্ঘ প্রায় এক বছর পর পরিষেবা ফের চালু করল নাসডাক তালিকাভুক্ত মার্কিন অ্যাপটি। খবর টেকক্রাঞ্চ।

গত আগস্ট থেকে ডুয়োলিঙ্গো ব্যবহার করতে পারেননি চীনা ব্যবহারকারীরা। ওই সময় স্কুল-পরবর্তী লাভজনক শিক্ষাদানে বিধিনিষেধসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অভিযান চালিয়েছে চীনা কর্তৃপক্ষ। তখন ডুয়োলিঙ্গো স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিল, অ্যাপের কনটেন্ট কমপ্লায়ান্স জোরদার করার নির্দেশনা পেয়েছেন। ২০১৯ সালে চীনের বাজারে প্রবেশ করেছিল পেনসিলভানিয়ার পিটসবার্গভিত্তিক কোম্পানিটি।

সাম্প্রতিককালে সব ধরনের অ্যাপকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় রেখেছে চীনের তদারকি সংস্থাগুলো। ভিডিও গেম থেকে লাইভ স্ট্রিমিং প্লাটফর্মগুলোর মতো অতিরিক্ত ডাটা ব্যয়কারী কোম্পানিগুলোর ওপর কনটেন্ট মডারেশনে জোর দিতে বলছে তারা।

টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও গুগলের মতো মার্কিন টাইটানগুলো দীর্ঘদিন ধরে চীনে বন্ধ রয়েছে। বেইজিংয়ের কমপ্লায়েন্স নীতিমালায় বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় তাদের সেবা বন্ধ অথবা পুনর্গঠন করতে শুরু করেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ