ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

সাত জেলায় সাউথইস্ট ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দেশের সাত জেলায় সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও বগুড়ায় এসব এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, শাখা প্রধান এবং সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরা ভার্চুয়ালি অংশ নেন।

ব্যাংক সূত্রে জানানো হয়, সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা ‘স্বাগতম’-এর মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও পাওয়া যাবে।

এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো থেকে গ্রাহকরা সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে যেকোনো ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর এবং বৈদেশিক রেমিট্যান্স গ্রহণের সুবিধা পাবেন।

এ ছাড়া ডেবিট ও ক্রেডিট কার্ড এবং চেক বইয়ের আবেদন ও প্রক্রিয়াকরণ, বিও হিসাব খোলা, শেয়ার লেনদেন, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ, জীবন বীমা, ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা গ্রহণ, ভোক্তা ঋণ এবং ঋণের কিস্তি পরিশোধের সুবিধাও পাওয়া যাবে।

গ্রাহকরা এসব আউটলেটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং সেবাও গ্রহণ করতে পারবেন। পাশাপাশি রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করাই তাদের অন্যতম লক্ষ্য।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ