ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৫:০০ অপরাহ্ন

ইরানে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত ১৭

ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক লোক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (৮ জুন) দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী তাবাস থেকে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে মাশহাদ ও ইয়াজিদ শহরের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

তাবাসের গভর্নর আলি আকবর রাহিমি জানিয়েছেন, ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। এরইমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল পৌঁছেছে।

ইরান সরকার সূত্রে জানা গেছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ইরানে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছিলো। সেই দুর্ঘটনায় প্রায় শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ