চীনের বাজারে কিন্ডেল ই-রিডার বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যামাজন। এছাড়া আগামী বছর থেকে ই-বুকস্টোর বন্ধ করে দেবে ই-কমার্স জায়ান্টটি। এশিয়ার বৃহত্তম অর্থনীতি থেকে ব্যবসা গুটিয়ে নেয়া সর্বশেষ মার্কিন কোম্পানি হচ্ছে অ্যামাজন। খবর সিএনবিসি।
গত বৃহস্পতিবার অ্যামাজন তাদের অফিশিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে কিন্ডেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয়। ২০২৩ সালের ৩০ জুন থেকে ই-বুক শপ বন্ধ হলে নতুন ই-বুক কিনতে পারবেন না কিন্ডেল গ্রাহক। তবে ২০২৪ সালের ৩০ জুন নাগাদ আগে ক্রয়কৃত ই-বুক ডাউনলোড করতে পারবেন গ্রাহকরা। চীনের বাজারে ই-বুক স্টোর বন্ধ হলেও ডাউনলোডকৃত বই পড়তে পারবেন গ্রাহক।
২০১৩ সালে চীনের বাজারে কিন্ডেলের যাত্রা শুরুর পরই দেশটির ই-বুক বাজারে অগ্রপথিকের ভূমিকা পালন করেছে অ্যামাজন। কিন্তু গত কয়েক বছরে শাওমি, বাইটড্যান্স ও টেনসেন্টের মতো স্থানীয় প্রযুক্তি জায়ান্টের কাছে গভীর চ্যালেঞ্জের মুখে পড়ে কিন্ডেল।


















