ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ৭:৩৮ পূর্বাহ্ন

আজ বাজারে আসছে ১০ টাকার নতুন নোট

১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ব্যাপক চাহিদার প্রতি লক্ষ্য রেখে আজ (রোববার) থেকে বাজারে নতুন নোট সরবরাহ করবে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দ্রুততম সময়ে বাজারে পর্যাপ্ত পরিমাণ নতুন নোট সরবরাহ নিশ্চিত করা হবে।

নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও (অসমতল ছাপা) মুদ্রণ ব্যতীত বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের সই সংবলিত ১০ টাকা মূল্যমান ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।

রবিবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন প্রচলিত এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের মূল রং, ডিজাইন ও আকার অপরিবর্তিত রয়েছে।

নোটের সম্মুখভাগে ওপরে বাম কোণে মুদ্রিত ‘১০’ ও মধ্যখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ এর পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের সই কালোর পরিবর্তে লালচে খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

এছাড়া, নোটের সম্মুখভাগের অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (নিরাপত্তা সুতা, জলছাপ, মাইক্রোটেক্সট ইত্যাদি) এবং নোটের পেছন ভাগের অফসেট মুদ্রণ অপরিবর্তিত রয়েছে। ইন্টাগ্লিও মুদ্রণ ব্যতীত মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপত চালু থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ