রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভর করে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। হ্রদে পানির পরিমাণ বেশি থাকলে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বেড়ে যায়।
বিশেষত করে বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদ যখন পানিতে টইটম্বুর থাকে, তখন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের চারটি ইউনিট পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যায়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে অচল থাকলেও বাকি চার ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করা যায় ২৩০ মেগাওয়াট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর থেকে কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ উৎপাদনের কারণে ধীরে ধীরে কমতে শুরু করে। হ্রদে পানির পরিমাণ কমতে থাকায় বিদ্যুৎকেন্দ্রটির ৪ ও ৫ নম্বর ইউনিট বর্তমানে বন্ধ রয়েছে। বিদ্যুকেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আগে থেকে অচল রয়েছে।
কিন্তু অন্য চারটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও পানি সংকটের কারণে দুইটি ইউনিটে উৎপাদন ব্যাহত হচ্ছে। হ্রদের পানির পরিমাণ আরো কমতে শুরু করলে আরো দুইটি ইউনিটের মধ্যেও উৎপাদন বন্ধ রাখতে হবে। তবে যদি বৃষ্টিপাত হয় অবস্থার পরিবর্তন হতে পারে।



















