কালারফিট সেগমেন্টে নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে ভারতের ওয়্যারেবল ও অডিও ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়েজ। কালারফিট প্রো ৩ আলফা নামে এটি বাজারে উন্মোচন করা হয়েছে। আগের ভার্সনের তুলনায় নতুন ভার্সনে বেশকিছু ফিচার যুক্ত হয়েছে। খবর গিজমোচায়না।
নয়েজের কালারফিট প্রো ৩ আলফা স্মার্টওয়াচে ১ দশমিক ৬৯ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ২৪০X২৮০ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৫০০ নিটস পিক। নতুন ওয়্যারেবল ডিভাইসে ভয়েস কলিং ফিচারও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনকলের উত্তর দেয়া, কন্টাক্ট সংরক্ষণ করার পাশাপাশি রিসেন্ট হিস্ট্রি থেকেও ফোনকল করতে পারবে।
স্মার্টওয়াচটিতে বিল্ট ইন ইন্টারনাল স্টোরেজ থাকায় ৮০টির বেশি গান সংরক্ষণ করা যাবে এবং ট্রু ওয়্যারলেস ইয়ারবাড বা সরাসরি স্মার্টওয়াচ থেকে গান চালানো যাবে। এছাড়া ওয়্যারেবল ডিভাইসটিতে ৫ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার থাকায় পানিতে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। স্মার্টওয়াচটিতে ১০০-এর বেশি স্পোর্টস মোড রয়েছে।
চারটি রঙে কালারফিটের নতুন স্মার্টওয়াচটি পাওয়া যাবে। তবে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী বিভিন্ন রঙের স্ট্র্যাপ ব্যবহার করতে পারবে। অন্যদিকে স্মার্টওয়াচটি এসএমএসের নোটিফিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্যালেন্ডারের অ্যালার্টসহ, মিউজিক কন্ট্রোল ও ইনকামিং ফোনকলের বিষয়ে বার্তা দিতে সক্ষম।



















