মোবাইলফোন অপারেটরগুলোর ডাটা ও ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজের নতুন নির্দেশিকার উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রধান সম্মেলন কক্ষে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল সংযুক্তির মাধ্যমে এমন এক মহাসড়ক তৈরি করা হচ্ছে যাতে বাংলাদেশ পঞ্চম শিল্পবিপ্লবের নেতৃত্ব দিতে পারে।
তিনি আরো বলেন, আগামীতে ফোর-জি ও ফাইভ-জি সেবা পাশাপাশি চলবে। সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক শক্তিশালীকরণে জোর দিতে হবে। ডাটা প্যাকেজের মেয়াদ আনলিমিটেড রাখতে হবে। এছাড়া কলড্রপ ও কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিতের পাশাপাশি অপারেটরদের ওয়েবসাইটে ইংরেজির পাশাপাশি বাংলা ভার্সন রাখতে হবে।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ। সব স্তরের সব বয়সের মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি। নতুন ডাটা প্যাকেজ নির্দেশিকা চালুর ফলে গ্রাহক সহজেই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।
কমিশনের মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ নতুন প্যাকেজ নির্দেশিকার বিষয়ে জানান, প্রতিটি অপারেটর সর্বমোট ৯৫টি প্যাকেজ চালু করতে পারবে। এর মধ্যে নিয়মিত প্যাকেজ এবং গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলে সর্বোচ্চ ৮৫টি এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ থাকবে। এছাড়া সব প্যাকেজের সময়সীমা হবে ০৩/০৭/১৫/২০ দিন।

তিনি বলেন, পূর্বে চারটি অপারেটর মিলে মোট প্যাকেজ সংখ্যা ছিল ৬২৯টি আর বর্তমানে চার অপারেটর মিলে মোট প্যাকেজ সংখ্যা ৩১২টি। ফলে পূর্বের চেয়ে প্যাকেজ সংখ্যা কমেছে ৫০.৪ শতাংশ।


















