যে সব করযোগ্য ব্যক্তি এখনো করের আওতাভুক্ত হয়নি, তাদের করের আওতায় আনতে বিদ্যুৎ, গ্যাস আর সিটি করপোরেশনের ডাটাবেজ যাচাই করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর ধারণা করছে, বিদ্যুৎ, গ্যাস আর সিটি করপোরেশনের ডাটাবেজ যাচাই করতে পারলে অন্তত ২ কোটি করদাতা বেরিয়ে আসবে।
সম্প্রতি বিদ্যুৎ ও গ্যাস খাতের করদাতা শনাক্তে সহযোগিতা চেয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং অধিদফতরে চিঠি পাঠিয়েছে এনবিআর।
এনবিআর সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে চারটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ও দুটি সংস্থা রয়েছে। বিতরণ কোম্পানিগুলো হলো- ডিপিডিসি, ডেসকো, নেসকো ও ওজোপাডিকো। আর দুটি সংস্থা হলো-পল্লী বিদ্যুৎ ও পিডিবি। যেখানে সারা দেশে আবাসিক গ্রাহকের সংখ্যা চার কোটি ১৯ লাখ। আর বাণিজ্যিক সংযোগ রয়েছে চার লাখ ৮৬ হাজার।
অন্যদিকে দেশে গ্যাস বিতরণকারী কোম্পানি রয়েছে ছয়টি। এগুলো হলো-তিতাস গ্যাস, কর্ণফুলী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এবং সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড। এখানে সারাদেশে আবাসিক ও বাণিজ্যিক বৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী প্রায় ৪৪ লাখ গ্রাহক।



















