ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২:০৭ অপরাহ্ন

কিউকম গ্রাহকদের টাকা ফেরত দিতে ৩ ব্যাংককে চিঠি

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের যেসব গ্রাহক আগাম টাকা পরিশোধ করেও পণ্য পাননি, তাদের টাকা ছাড় করতে তিন ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তিন ব্যাংক হচ্ছে- ব্যাংক এশিয়া, ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক।

কিউকম গ্রাহকদের টাকা ফেরত দিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ চিঠি দেওয়া হয়েছে। এসব ব্যাংকে গ্রাহকদের পাওনা অর্থের পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার ৬৭৪ টাকা।

ওই তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের কাছে রোববার (৩০ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ফস্টার করপোরেশনের ব্যাংক হিসাবে জমা থাকা কিউকমের গ্রাহকদের অনিষ্পন্ন টাকা ফেরত দিতে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এর প্রেক্ষিতে টাকা ছাড়ের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

কিউকমের সবচেয়ে বেশি টাকা জমা রয়েছে ব্যাংক এশিয়ার গুলশান শাখায়। ফস্টার করপোরেশন লিমিটেডের নামে সেখানে অর্থ জমার পরিমাণ ২৯ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা। গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা প্রতিষ্ঠান (এমএফএস) নগদ, বিকাশ, ওয়ান ব্যাংকের ওকে ওয়ালেট এবং শিওরক্যাশের মাধ্যমে কিউকমের কাছ থেকে পণ্য কেনার অর্ডার করেছিলেন।

একইভাবে মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে ইসলামী ব্যাংকের বাড্ডা শাখায় ১৫ কোটি এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের গুলশান শাখায় আটকে আছে গ্রাহকদের পণ্যের জন্য পরিশোধ করা ১২ কোটি ৩৬ লাখ ২৫ হাজার টাকা। গ্রাহকেরা অগ্রিম অর্থ পরিশোধ করে কিউকমের কাছ থেকে পণ্য কেনার অর্ডার করেও পণ্য পাননি।

মানি লন্ডারিংসহ অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে গত সেপ্টেম্বর থেকে ফস্টারের ব্যাংক অ্যাকাউন্টগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে অবরুদ্ধ থাকায় কিউকমের অর্থ ব্যাংকগুলোতে আটকা পড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ