২০২০-২১ অর্থ বছরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৭২ কোটি ২ লাখ টাকা নিট মুনাফা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বিএসসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।২৭ জানুয়ারি অনলাইনে অনুষ্ঠেয় বিএসসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
কমডোর সুমন মাহমুদ সাব্বির বলেন, ২০২০-২১ অর্থবছরে বিএসসির মোট আয় ৩২২ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে পরিচালনা আয় ২৭৪ কোটি ২৭ লাখ টাকা, অন্যান্য খাতে আয় ৪৮ কোটি ৭০ লাখ টাকা। পরিচালনা ব্যয় ১৬০ কোটি ২২ লাখ, প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় ৬৭ কোটি ৫ লাখ। মোট ব্যয় ২২৭ কোটি ২৭ লাখ টাকা।
নিট মুনাফা ৭২ কোটি ০২ লাখ টাকা, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৫ লাখ টাকা বেশি। এর আগের বছর কর সমন্বয়ের পর নিট মুনাফা ছিল ৪১ কোটি ৪৭ লাখ টাকা। এবার শেয়ারহোল্ডারদের নিট লাভ থেকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, বিএসসিকে বর্তমান অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে। এ বিষয়ে এখনই আমরা দৃঢ় প্রত্যয়ী। সরকারের সক্রিয় সহায়তা ও দিকনির্দেশনায় ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া আমরা শুরু করেছি।

এখন শুধু সামনে এগিয়ে যাবার পালা। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সংখ্যক জাহাজ সংগ্রহ ও সেগুলোর সুষ্ঠু পরিচালনাই আমাদের মুখ্য উদ্দেশ্য।রাষ্ট্রীয় সংস্থা হিসেবে দেশের সব সরকারি সংস্থার আমদানি পণ্য বিএসসির মাধ্যমে করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


















