বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান; মহাসচিব নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও রিয়াদ মতিন।
২০২২-২৩ মেয়াদে তারা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করবেন। এর আগে তারা ২০২০-২১ মেয়াদে সভাপতি ও মহসচিব হিসেবে নির্বাচিত হন।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন বিএমবিএর কার্যনির্বাহী সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে প্রথম সহ-সভাপতি পদে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অসিত কুমার চক্রবর্তী, সহ-সভাপতি পদে আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি মো. মনিরুজ্জামান ও কোষাধ্যক্ষ পদে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি মো. আব্দুর রহিম নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. ওবায়দুর রহমান, এএফসি ক্যাপিটালের সিইও মাহবুব এইচ মজুমদার, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর, বাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. হামদুল ইসলাম, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি ও সিইও নুর আহামেদ এবং এশিয়া টাইগার্স ক্যাপিটাল ফাইন্যান্স ইনভেস্টমেন্টের পরিচালক মীর মাহফুজুর রহমান।

এবার বিএমবিএ নির্বাচনে মুহাম্মদ এ হাফিজকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করে নির্বাচন শিডিউল ঘোষণা করা হয়। এর আগেও নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন মুহাম্মদ এ হাফিজ।
যোগাযোগ করা হলে ছায়েদুর রহমান বলেন, বিএমবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন এটা বলা যায়। প্রার্থী কম থাকায় এবার নির্বাচনের প্রয়োজন হয়নি।












