লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডএক্সপ্রেস সেবা চালু করতে যাচ্ছে।
সম্প্রতি ট্রেডএক্সপ্রেসের মাধ্যমে লেনদেন করার মানসনদ পেয়েছে প্রতিষ্ঠানটি। পুঁজিবাজার নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন লংকাবাংলা সিকিউরিটিজের এমডি মো. নাসির উদ্দিন চৌধুরী।
লংকাবাংলা সিকিউরিটিজের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ট্রেডএক্সপ্রেসটি বিশ্বমানের ও আধুনিক প্রযুক্তিনির্ভর। ২০১৩ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সরাসরি লেনদেনের মাধ্যম হিসেবে প্রথম গ্রাহকদের হাতে এ সেবা চালু করে লংকাবাংলা সিকিউরিটিজ। যাতে করে গ্রাহকরা নিজে নিজেই যেকোনো ডিভাইস বিশেষ করে সেলফোন মাধ্যমে যেকোনো স্থান থেকে লেনদেন করতে পারেন। আট বছর ধরে ট্রেডএক্সপ্রেস সিএসইর গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যাপক গ্রাহক চাহিদা ও গ্রাহকসেবার কথা মাথায় রেখে এবার সেবাটি চালু হতে যাচ্ছে ডিএসইতেও।
ট্রেডএক্সপ্রেসে লংকাবাংলার গ্রাহকরা একই সঙ্গে ডিএসই ও সিএসই উভয় স্টক এক্সচেঞ্জে সেরা দামে শেয়ার/মিউচুয়াল ফান্ড/বন্ড কেনাবেচা করতে পারবেন খুব সহজেই, একবার লগইন করেই। এছাড়াও আদেশ সংশোধন, বাজার পর্যবেক্ষণ, মার্কেট ম্যাপ ও টেকনিক্যাল চার্টসহ পুঁজিবাজারের যাবতীয় সেবা ক্লিক বা স্পর্শ করলেই সহজে দেখতে পাবেন তারা।













