মুঠোফোনে অপারেটরদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন কিছু নিয়মের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে সংখ্যাসীমা বেঁধে দিয়েছে।
বিটিআরসি জানিয়েছে, নতুন নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে, যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডেটা প্যাকেজ কেনেন। এ ক্ষেত্রে নতুন নিয়মটি হলো, ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডেটা যোগ হবে। এত দিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হতো। এই নির্দেশিকা আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে।
বিটিআরসিতে আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা’ নিয়ে এক উপস্থাপনায় এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান এবং মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা।
বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্র জানিয়েছে, অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজে যোগ হওয়ার নিয়মটি হলো, অব্যবহৃত ডেটা যোগ করতে হলে গ্রাহককে একই পরিমাণ ডেটার প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার আগেই কিনতে হবে। ধরা যাক, একজন গ্রাহক ৭ দিন মেয়াদের ১ গিগাবাইটের কোনো প্যাকেজ কিনলেন, তাহলে এই সাত দিন শেষ হওয়ার আগে তাঁদের আবার ১ গিগাবাইটের প্যাকেজ কিনতে হবে। সেটা ৩, ৭, ১৫ অথবা ৩০ দিন—যেকোনো মেয়াদে হতে পারে।















