ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

শেষ মুহূর্তে গোল হজম করলো পিএসজি

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই দলের ফিরতি দেখায় নেই মেসি, জিতল না পিএসজিও। গতকাল লাইপজিগের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরিসিও পচেত্তিনো দল।

হ্যামস্ট্রিংয়ে টান লাগায় লিওনেল মেসিকে রেখেই গতকাল রেড বুল এরেনায় খেলতে নামে পিএসজি। নেইমার-এমবাপের সঙ্গে আক্রমণভাগে মেসির জায়গা নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এই তারকাবহুল আক্রমণভাগও অবশ্য জয় এনে দিতে পারেনি পিএসজিকে।

যদিও জয়ের পথেই ছিল পিএসজি। তবে ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করে দলটি। সেটাও আবার পেনাল্টি থেকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডমিনিক স্পটকিক থেকে গোল করলে হতাশায় পুড়তে হয় প্যারিসের ক্লাবটিকে।

গতকাল রাতে ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই ক্রিশ্চোফার এনকুনকুর গোলে লিড নেয় লাইপজিগ। ২১ মিনিটে কিলিয়ান এমবাপের সহায়তায় সেই গোল শোধ দেন ওয়াইনাল্ডুম। এরপর ৩৯ মিনিটে ডিফেন্ডার মার্কুইনহোসের পাসে দলকে এগিয়ে নেয়ার গোলটিও করেন এই ডাচ মিডফিল্ডার।

সেই গোলে জয় দেখছিল পিএসজি। তবে ম্যাচের ৮৭ মিনিটে নিজেদের ডি বক্সে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের শরীরের ওপর উঠে যান পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। শুরুতে রেফারি পেনাল্টির আবেদনে সাড়া না দিলেও, ভিএআর দেখে নিজের সিদ্ধান্ত বদলান তিনি। তাতেই কপাল পোড়ে পিএসজির।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ