ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পাকিস্তানের মধ্যস্থতায় চলতি সপ্তাহেই আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এবার আলোচনার আয়োজক হিসেবে থাকছে পাকিস্তান। সউদী আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার অংশ হিসেবেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
.
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, আসন্ন বৈঠকে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এসব ইস্যু দীর্ঘদিন ধরেই দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তেহরান তাদের আলোচক দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এরপরই বৈঠকের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হবে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনা কমানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উভয় পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের বৈঠকও অনুষ্ঠিত হয়।

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। তিনি বলেন, সমঝোতা স্মারক-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আলোচনা অব্যাহত রাখতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।

তবে সম্ভাব্য এই বৈঠক নিয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তা সত্ত্বেও কূটনৈতিক মহলের ধারণা, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তথ্যসূত্র: সিনহুয়া

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ