ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

মিয়ানমার থেকে আমদানি ৮ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ

দেশে পেঁয়াজের দাম দুই সপ্তাহ ধরে লাগামহীন। দাম বেড়েছে আগের তুলনায় প্রায় দিগুণ। একই সময় ভারতেও বেড়েছে পেঁয়াজের দাম। এমন অবস্থায় দেশের বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে গত দুই সপ্তাহে এসেছে ৮ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ।

ব্যবসায়ীরা বলছেন, মিয়ানমার থেকে পেঁয়াজ আসার পরিমাণ বেড়ে গেলে সে দেশেও দাম বাড়িয়ে দেওয়া হতে পারে। দেশের বাজারের দাম স্বাভাবিক রাখতে কয়েক দিনের মধ্যে মিয়ানমার থেকে আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন বলেন, কয়েক দিনের মধ্যে মিয়ানমার থেকে আরও ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসার কথা।

শুল্ক স্টেশন সূত্রে জানায়, ১৫ অক্টোবর রাত সাড়ে আটটা পর্যন্ত ৮ হাজার ১০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে মিয়ানমার থেকে। এসব পেঁয়াজ ১০ থেকে ১২ জন ব্যবসায়ী আমদানি করেছেন। এর আগে মিয়ানমার থেকে সেপ্টেম্বরে ২ হাজার ৯৮৮ মেট্রিক টন, আগস্ট মাসে ৭৬৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

টেকনাফ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক জানায়, মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করে ব্যবসায়ীরা তেমন বেশি লাভবান হচ্ছেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও এখানে সেটি এখনো বাস্তবায়ন হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ