গত বছরের মাঝামাঝিতে মহামারি করোনা ভাইরাসের বিপর্যয় কাটিয়ে উঠেছিল চীন। কয়েক দশকের মধ্যে শীর্ষে উঠেছিল রফতানি প্রবৃদ্ধি। তবে চলতি বছরের মাঝামাঝিতে নানা সংকট জেঁকে ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে।
কারখানাগুলোয় বিদ্যুৎ ঘাটতি, সরবরাহ চেইনে প্রতিবন্ধকতা ও কভিড-১৯ সংক্রমণ পুনরুত্থানের মতো বিষয়গুলো চীনের বাণিজ্য প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা তৈরি করে। যদিও সবকিছু পেছনে ফেলে সেপ্টেম্বরেও দেশটির বাণিজ্যে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। খবর বার্তা সংস্থা এপির।
খবরে বলা হয়েছে, বিভিন্ন বাধা সত্ত্বেও গত মাসে চীনের রফতানি ও আমদানি বাণিজ্যে পূর্বাভাসের চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গতকাল প্রকাশিত দেশটির কাস্টম তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে চীনের রফতানি আয় ৩০ হাজার ৫৭০ কোটি ডলারে পৌঁছেছে। এ আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে ২৮ দশমিক ১ শতাংশ বেশি।
সেপ্টেম্বর চীনের রফতানি প্রবৃদ্ধি আগস্টে ২৬ শতাংশ এবং অর্থনীতিবিদদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এ সময়ে দেশটির আমদানিতে কিছুটা শ্লথগতি দেখা গেছে। গত মাসে চীনের আমদানি ১৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ২৪ হাজার কোটি ডলারে পৌঁছেছে। এ প্রবৃদ্ধি আগস্টে ৩৩ শতাংশের চেয়ে কম।
চীনা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ২০২০ সালের মার্চে কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণের ঘোষণা দেয়। এর পরই দেশটির বাণিজ্যে রেকর্ড ভাঙা প্রবৃদ্ধি দেখা দেয়। এ সময় প্রতিদ্বন্দ্বী দেশগুলো কভিড-১৯ সংক্রমণে পর্যুদস্ত থাকায় ফুলেফেঁপে ওঠে চীনের রফতানি।



















