ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

এয়ার ইন্ডিয়ার মালিকানায় আবারো টাটা গ্রুপ

বিপুল ঋণে জর্জরিত ভারতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া কিনে নিচ্ছে দেশটির পুরনো ও বৃহত্তম প্রতিষ্ঠান টাটা সন্স। ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২৪০ কোটি ডলারে নিলামে জয় পায় টাটা সন্স। অল্পের জন্য নিলামে হেরে যায় স্পাইসজেট। তারা সর্বোচ্চ দর বলেছিল ২০০ কোটি ডলার। এর আগে ২০১৮ সালেও একবার এয়ার ইন্ডিয়া বিক্রির চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই সময় ক্রেতা আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে আবারো টাটা গ্রুপের কাছে ফিরে গেল এয়ার ইন্ডিয়া। ১৯৩২ সালে টাটা গ্রুপই প্রথম এ বাণিজ্যিক উড়োজাহাজ পরিবহন সংস্থার চলাচল শুরু করে। এরপর ১৯৫৩ সালে এটি ভারত সরকার অধিগ্রহণ করে নেয়। নিলামে জিতে আবারো এয়ার ইন্ডিয়াকে নিজের করে পেয়েছে টাটা গ্রুপ।

টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা এক টুইট বার্তায় বলেন, এয়ার ইন্ডিয়ার জন্য টাটা গ্রুপ নিলামে জিতেছে। এটি একটি দারুণ খবর। প্রতিষ্ঠানটিকে পুনর্নির্মাণের জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। আশা করি, বাজারে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারবে এয়ার ইন্ডিয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ