জন্মাষ্টমী উপলক্ষে দুই দেশের ছুটির কারণে আজ সোমবার (৩০ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রী পারাপার। আগামীকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় তারা এ পথে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি করবেন না।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিন্টেনডেন্ট স্বপন কুমার জানান, জন্মাষ্টমীর ছুটির কারণে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা।













