ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ন

আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে, আর এ অবস্থায় প্রথম লক্ষ্য স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

অর্থমন্ত্রী বলেন, জ্বালানি ও গ্যাস আমদানিতে প্রতিদিনই বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে দ্বিগুণ ও তিন গুণ দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে, এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এ বাস্তবতায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকার বিষয়টি মেনে নিতে হবে।

জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের প্রভাব সারসহ বিভিন্ন পণ্যের ওপর পড়ছে জানিয়ে তিনি বলেন, এতে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এই হার নিয়েও সরকার সন্তুষ্ট নয়, আরও কমাতে হবে।

অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছে প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো সূচক কম থাকলে তা স্বীকার করে এর কারণ এবং পরিস্থিতি সংশোধনে সরকারের পদক্ষেপ ব্যাখ্যা করতে হবে। ভুল পরিসংখ্যান দিয়ে পরিস্থিতি ভালো দেখানোর চেষ্টা করলে সরকারই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ খাতে বিপুল দায় তৈরি হয়েছে, যা রাতারাতি বা কয়েক মাসে কাটিয়ে ওঠা সম্ভব নয়। ধীরে ধীরে এই সংকট থেকে বের হতে হবে। সরকারের প্রথম লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। ব্যাংকে জমা রাখা টাকা সুদসহ ফেরত পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে, কোনো ধরনের কর্তন করা হবে না। এ নিশ্চয়তার পর ব্যাংকে নিট আমানত বাড়ছে, যা ইতিবাচক।

পুঁজিবাজার প্রসঙ্গে আমির খসরু বলেন, অতীতে পুঁজিবাজার কার্যত ক্যাসিনোতে পরিণত হয়েছিল। বাজার সংস্কারের অংশ হিসেবে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আবারও বাজারে ফিরছেন এবং সূচক ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারে এখনো পর্যাপ্ত গভীরতা নেই; ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার মাধ্যমে বাজারের গভীরতা বাড়াতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকেরাও বাংলাদেশের প্রতি আস্থা রাখছেন। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় নিয়ে তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন।

আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম বড় লক্ষ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য সরকারি-বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও বাজেট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা করতে হবে। পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর ভিত্তি ২০১৬ সালে প্রণীত ভিশন-২০৩০। পরে ২৭ দফা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনা বিকশিত হয়েছে। এটি শুধু একটি রোডম্যাপ নয়, লক্ষ্য অর্জনের কৌশলও। সরকারের প্রথম বছর কঠিন হবে, তবে চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে গতিশীল করতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন