ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম বাড়ল যত

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২ সালে বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের ১৮৫ টাকা। নতুন দর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে। পাঁচ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে।

চলতি বছরের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল লিটারপ্রতি ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে এ বছর তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে মোট ১২ টাকা বেড়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এর পর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন