ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

এআই সার্ভার চালান স্থগিত করল এনভিডিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সার্ভারের চালান স্থগিত করতে উৎপাদনকারী অংশীদারদের নির্দেশ দিয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। ডেল ও সুপার মাইক্রোসহ অংশীদার প্রতিষ্ঠানগুলোকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় এআই চিপযুক্ত সার্ভার পাঠানো থামাতে বলা হয়েছে।

কতদিন এই স্থগিতাদেশ থাকবে, তা এখনো স্পষ্ট নয়। নতুন লাইসেন্স পাওয়ার বিষয়ে স্পষ্টতা পেতে ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ২০২২ সাল থেকে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানিতে বিধিনিষেধ দিয়ে আসছে। গত সপ্তাহে ওয়াশিংটন তৃতীয় দেশের ডেটা সেন্টার থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর কম্পিউটিং শক্তি ভাড়া নেওয়ার ফাঁকফোকর বন্ধে পদক্ষেপ নেয়।

এ পরিস্থিতিতে সিঙ্গাপুর জানিয়েছে, তারা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রাখছে। দেশটির উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ং বলেছেন, সিঙ্গাপুর যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করে যাবে, যাতে স্থানীয় প্রতিষ্ঠানগুলো উন্নত চিপের সুযোগ ধরে রাখতে পারে। এদিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডেটা সেন্টারে বিনিয়োগ ধীর ও আরও বাছাই করা হবে বলে সতর্ক করেছে ফিচ রেটিংস।

এদিকে সাংহাইয়ের একটি ডেটা সেন্টারে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপ পাওয়া গেছে বলে আজ খবর এসেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন