দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনাল চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে।
দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে থার্ড টার্মিনাল চালুর পথে আর বাধা নেই। আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এক প্রেস ব্রিফিংয়ে কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। পরদিন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। টার্মিনালটি উদ্বোধনের কথা ১৬ ডিসেম্বর।
গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়।
চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। কাঠামোগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়েও প্রশ্ন ওঠে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, পরবর্তী সময়ে সংশোধিত ও অন্যান্য কাজ যুক্ত হয়ে এর খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা হয়েছে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়। তারপর দুবছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও শুধু জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ার কারণে এটা চালু করা যায়নি।

বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী বহনের ধারণক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনালটি যুক্ত হলে বছরে ২ কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে নতুন এ টার্মিনালে। এ ছাড়া থাকবে ১০টি সেলফ চেক-ইন কিওস্ক ও ১০০টি চেক-ইন কাউন্টার। তবে নির্ধারিত ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এখানে চেক-ইন করা যাবে না।


















